মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল উপজেলার ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় শহিদুল ইসলামের বসতঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আছির উদ্দিন (৫৭), মো. শাহ আলম (৪৭), মো. রব্বানী (৩৫), মো. হারুন (৪৫), মো. সরোয়ার হোসেন (৫২) ও মো. শহিদুল ইসলাম (৫৫)। তাঁদের সবার বাড়ি পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সাঘাটা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাঘাটা থানা পুলিশ
- রংপুর