সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে লাবু মিয়া (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা মো. হোসেন বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পরবর্তীতে সাঘাটা থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত লাবু মিয়া ও ভুক্তভোগী শিশু একই গ্রামের বাসিন্দা। বাদীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত লাবু মিয়া তাঁর শিশু কন্যার প্রতি অসৎ উদ্দেশ্য পোষণ করে আসছিলেন এবং সুযোগ পেলেই টাকা ও খাবারের লোভ দেখাতেন।
এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর শিশুটিকে একা পেয়ে ২০ টাকার নোটের লোভ দেখিয়ে সাঘাটার জাহিদুল নামের এক ব্যক্তির পরিত্যক্ত ও নির্জন বাড়িতে নিয়ে যান লাবু মিয়া। সেখানে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে, তার বাবা সাঘাটা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও সাঘাটা থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ১৩।
তিনি আরও জানান, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত লাবু মিয়া এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
- রংপুর