সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও লাইসেন্স না থাকার দায়ে দুইটি হোটেল-রেস্তোরাঁকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে বোনারপাড়া বাজারে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
অভিযান সূত্রে জানা গেছে, হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, খাবার খোলা অবস্থায় রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকার অপরাধে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় দুইটি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ এবং হালনাগাদ লাইসেন্স ও নিবন্ধন সনদ নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
- রংপুর