মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ রাখার অপরাধে জামায়াত নেতা মো. আলমগীর হোসেনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় জামায়াত নেতা মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে মুন্সিরহাট এলাকায় স্তূপ করে রেখেছিলেন। বিভিন্ন সংবাদপত্রে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় জামায়াত নেতা মো. আলমগীর হোসেনকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, রায় অনুযায়ী অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও দণ্ডিত ব্যক্তি নির্ধারিত অর্থ পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঘাটা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
পরিবেশ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
- রংপুর