মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে বোতলজাত এলপিজি গ্যাসের দোকান, বিভিন্ন খাবার হোটেল ও মুরগির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি পৃথক মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন খাবার হোটেল ও দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং বিক্রির ভাউচার দেখাতে না পারাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খাবার হোটেলগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং খাবারের মান বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন রতন কুমার দত্ত, সহকারী কমিশনার (ভূমি), সাঘাটা। তিনি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, যথাযথ ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানান, বাজারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- রংপুর