নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
নিরেট সত্যের ভিত্তিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘দৈনিক গাইবান্ধার মুখ’ পত্রিকার বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পত্রিকার নিজস্ব গাইবান্ধা অফিস প্রাঙ্গণে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাহিদ হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও আধুনিক কলাকৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, সাংবাদিকতা হলো কোনো ঘটনার তথ্য-উপাত্ত ব্যক্তিগত মতামত, আবেগ বা পক্ষপাতহীনভাবে তুলে ধরা। কোনো বিশেষ মতাদর্শের প্রভাব ছাড়াই গণমানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই দৈনিক গাইবান্ধার মুখ-এর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাহুল ইসলাম রুবেল। এছাড়াও আলোচনায় অংশ নেন সহ-ব্যবস্থাপনা সম্পাদক মির্জা গোলাম হাফিজ ।
এ সময় পত্রিকার বার্তা বিভাগ, রিপোর্টিং প্যানেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় প্রতিনিধিরা মফস্বল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।
প্রশিক্ষণ ও আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে পত্রিকার সকল সংবাদকর্মীদের হাতে নতুন প্রেস আইডি কার্ড তুলে দেওয়া হয়। গণমানুষের অধিকার আদায়ে জনস্বার্থে নির্ভুল ও ন্যায্য সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- রংপুর