মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি:
সারা বছরের হাড়ভাঙা পরিশ্রম, বাড়তি উৎপাদন খরচ আর বুকভরা স্বপ্ন নিয়ে পাকা আমন ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকরা। সেই ধান বিক্রির টাকায় মেটানোর কথা ছিল সংসারের চাহিদা, সন্তানদের পড়াশোনার খরচ ও ঋণের দায়। কিন্তু মৌসুমের শেষ মুহূর্তে হঠাৎ বৃষ্টি ও দমকা বাতাসে কৃষকদের সেই স্বপ্নে বড় ধরনের ছেদ পড়েছে।
একদিকে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান বাতাসে মাটিতে নুয়ে পড়েছে, অন্যদিকে কেটে মাঠে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে তলিয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তা ও বিপাকে পড়েছেন উপজেলার হাজারো কৃষক।
সরেজমিনে উপজেলার বোনারপাড়া, কচুয়া, পদুমশহর ও মুক্তিনগরসহ প্রায় সব ইউনিয়নের ফসলের মাঠে একই চিত্র দেখা গেছে। কোথাও জমির পাকা ধান মাটির সাথে মিশে গেছে, আবার কোথাও কেটে শুকাতে দেওয়া ধানের স্তূপের নিচে জমে আছে বৃষ্টির পানি। অনেক স্থানে কাটা ধানের আঁটি পানিতে ভাসতে দেখা গেছে। বিরূপ আবহাওয়ার কারণে ধান শুকানো ও মাড়াই নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা।
কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আউয়াল জানান, সার সংকটসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে প্রতি বিঘা জমিতে ধান চাষে তার প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা খরচ হয়েছে। এখন ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে বৃষ্টি ও বাতাসে ধান নুয়ে পড়ায় এবং কাটা ধান পানিতে ভিজে যাওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়েই তিনি শঙ্কিত।
বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক রুবেল মিয়া আক্ষেপ করে বলেন, ‘ধান ঘরে তুলতে পারলে পরিবারের অনেক প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল। সন্তানদের পড়াশোনা আর সংসারের খরচ নিয়ে অনেক স্বপ্ন ছিল এই ফসল ঘিরে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন ভেজা ধান কীভাবে ঘরে তুলব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’
একই হতাশার কথা জানান পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর গ্রামের কৃষক আশরাফ। তিনি বলেন, ‘সারা মৌসুমের পরিশ্রমের পর এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি। সময়মতো ধান শুকাতে ও মাড়াই করতে না পারলে ফসলের গুণগত মান পুরোপুরি নষ্ট হয়ে যাবে।’
কৃষকদের আশঙ্কা, মাটিতে পড়ে থাকা ও পানিতে ভেজা ধান দ্রুত শুকানো সম্ভব না হলে ধানের রং নষ্ট হয়ে যাবে এবং চিটা হওয়ার ঝুঁকি বাড়বে। ফলে বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। একদিকে বাড়তি উৎপাদন খরচ ও সার সংকট, অন্যদিকে প্রকৃতির এই বৈরিতা—সব মিলিয়ে মৌসুমের শেষ সময়ে এসে নতুন করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন সাঘাটার প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাঘাটা উপজেলায় মোট ১৪ হাজার ৩২৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে এবং বাকি জমির ধান এখনো মাঠে রয়েছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টিতে ভেজা ধানের রং ও গুণগত মান যেন নষ্ট না হয় এবং কৃষকরা যাতে বাজারে ন্যায্যমূল্য পান, সে বিষয়ে করণীয় সম্পর্কে তাদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
- রংপুর