ঘেগার বাজার মানব সেবা ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ, মানবসেবায় ৯ দফা লক্ষ্য নির্ধারণ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ রিয়াদুল শেখ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘ঘেগার বাজার মানব সেবা ফাউন্ডেশন’ নামে একটি মানবসেবামূলক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
সংগঠনটির প্রকাশিত উদ্দেশ্য ও লক্ষ্যপত্র অনুযায়ী, অসহায়, ভূমিহীন, হতদরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে চিকিৎসা সহায়তা, অসহায়দের বিয়ে, কাফনের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ এবং অনাহারীদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রতিদিন মাগরিবের পর কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, অন্যায়-অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সহযোগিতা করা, দরিদ্র মানুষের ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া, অসহায় ও বয়স্কদের সহায়তা এবং এলাকার সাধারণ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের কর্মসংস্থানে সহযোগিতা করার কথাও সংগঠনটির লক্ষ্যপত্রে উল্লেখ রয়েছে। পাশাপাশি বিশেষ বিবেচনায় অন্যান্য ধর্মের প্রতিও সহানুভূতি প্রদানের বিষয়টি রাখা হয়েছে।সংগঠনের সাধারণ সদস্যদের মাসিক ৩০, ৫০, ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা করে সহযোগিতা করার সুযোগ রাখা হয়েছে।
ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে ১৫ সদস্যের একটি কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে। সাধারণ সদস্যদের মাসিক আর্থিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
সংগঠনটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত প্রকাশিত লক্ষ্যপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
“মানুষের কল্যাণে মানুষের পাশে”—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
- রংপুর