নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়নের হেলেন্চা দক্ষিণ পাড়া আদর্শ গ্রামে মরণব্যাধি মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অত্র এলাকার সচেতন বাসিন্দাদের পক্ষে গত ৩০/০৯/২০২৬ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়নের হেলেন্চা দক্ষিণ পাড়া আদর্শ গ্রামের বাসিন্দা ১. মো: হোদা মিয়া (পিতা: মো: আজিজার রহমান – মাদক ব্যবসায়ীর ডিলার), ২. মো: মাবুদ মিয়া (পিতা: মো: আব্দুল ওয়াহেদ), ৩. মো: কাজল হোসেন (পিতা: মো: মাবুদ মিয়া), ৪. মো: সোনি মিয়া (পিতা: মৃত বাচ্চু মিয়া), ৫. মো: ভোলা মিয়া ওরফে দুলু মিয়া (পিতা: মো: আব্দুস সাত্তার), ৬. মো: লিটন মিয়া (পিতা: মো: ছায়দার রহমান – মাদক ব্যবসায়ী) এবং ৭. মো: আলমগীর হোসেন (পিতা: মো: আব্দুল লতিফ) সংঘবদ্ধ হয়ে এলাকায় বেপরোয়াভাবে ইয়াবা, গাজা, নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মরণব্যাধি মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তারা মূল ডিলার মো: হোদা মিয়ার এজেন্ট হিসেবে পুরো এলাকায় মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে এবং স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত চক্রটি আদর্শ গ্রামের ঘরের দরজা-জানালা পর্যন্ত বিক্রি করে খেয়েছে। সাধারণ লোকজন তাদের এই অপকর্মের বাধা প্রদান করলে তারা সন্ত্রাসীদের মতো চড়াও হয় এবং সাধারণ মানুষ তাদের রোশানলের শিকার হচ্ছেন। এদের ভয়ে এলাকার কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না।
আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ায় অনতিবিলম্বে এসব অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী সহায়তা না পেলে এলাকায় বড় ধরনের সন্ত্রাসী ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
অতএব, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে বাঁচাতে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক উল্লিখিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।