কাতুলী পুরাতন বোর্ড অফিসে নিজস্ব জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
পলাশবাড়ী প্রতিনিধি:মো সামিউল ইসলাম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় কাতুলী পুরাতন বোর্ড অফিসে নিজস্ব জায়গায় পুনরায় কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) কিশোরগাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কাতুলী পুরাতন বোর্ড অফিসে ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা ও অবকাঠামো রয়েছে। দীর্ঘদিন ধরে ওই স্থানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম অন্যত্র পরিচালিত হওয়ায় ইউনিয়নের সাধারণ জনগণ বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের দাবি, ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও কেন সেখানে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কাতুলী পুরাতন বোর্ড অফিসের নিজস্ব জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালু করা হলে সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে প্রত্যন্ত এলাকার মানুষকে যাতে অযথা দূরে যেতে না হয়, সেজন্য কাতুলী পুরাতন বোর্ড অফিসে ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালু করা জরুরি।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি বিবেচনা করে কাতুলী পুরাতন বোর্ড অফিসের নিজস্ব জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।