সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
সিআর মামলার জেরে হামলার অভিযোগ, থানায় মামলা। গাইবান্ধার সাঘাটায় নিজের দোকানে ঢুকে মোটরসাইকেলের পার্টস ব্যবসায়ী ও মেকানিক তাজুল ইসলামকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার একটি মোটরসাইকেলের পার্টসের দোকানে এ ঘটনা ঘটে। আদালতে চলমান একটি সিআর মামলার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাজুলের স্বজনেরা।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মোটরসাইকেলের পার্টস বিক্রির পাশাপাশি মেরামতের কাজ করছেন। ঘটনার দিন বিকেলে তিনি নিজের দোকানে ছিলেন। এ সময় লাঠিসোঁটা, রামদা ও ছোরা নিয়ে কয়েকজন দোকানে হামলা চালান। তাঁরা তাজুলকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িত ছিলেন উপজেলার ছাটকালপানি গ্রামের মালেক মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, জাফরুল ইসলাম মিঠু ও জাহাঙ্গীর আলম রানা এবং শিমুলতাইড় গ্রামের মশিউর রহমান বাদশা, সাহেব মিয়া ও কানন মিয়া।
হঠাৎ দোকানে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাজুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
স্বজনদের দাবি, আদালতে চলমান একটি সিআর মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই আগে থেকে পরিকল্পনা করে তাজুলের ওপর হামলা চালানো হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- রংপুর