মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বোনারপাড়া বাজারের প্রধান সড়কগুলো সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে। এর ওপর আবার বোনারপাড়া চারমাথা থেকে স্টেশন রোড সংলগ্ন গুদামের সামনের প্রধান ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনটি পুরোপুরি ভরাট হয়ে যাওয়ায় গুদাম মসজিদের অজুখানা ও শৌচাগারের ব্যবহৃত পানি ড্রেন দিয়ে নিষ্কাশন হতে পারছে না। ফলে সেই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে প্রধান সড়কে সয়লাব হয়ে যাচ্ছে। এতে পুরো এলাকায় এক দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ঐতিহ্যবাহী বোনারপাড়া রেলওয়ে স্টেশন কেন্দ্রিক ঢাকাগামী হাজার হাজার ট্রেন যাত্রী ও সাধারণ পথচারীদের প্রতিদিন এই নোংরা পানি টপকে স্টেশনে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া এই সড়ক দিয়ে বোনারপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ী ও পথচারীসহ কচুয়া, সাঘাটা, কামালেরপাড়া, জুমারবাড়ি ও ঘুড়িদহ ইউনিয়নের হাজার হাজার মানুষ অত্যন্ত ঝুঁকি ও ভোগান্তির মধ্যে যাতায়াত করছেন। রাস্তার বড় বড় গর্তে নোংরা পানি জমে থাকার কারণে কাদাপানি ছিটে পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে এবং প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় অধিবাসী ও ঢাকাগামী ট্রেন যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি পরিষ্কার না করা এবং সড়কটি মেরামত না করায় আজ এই করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী, ট্রেনের যাত্রী ও ব্যবসায়ীদের পক্ষে জরুরি ভিত্তিতে ড্রেনটি পরিষ্কার করে জমা পানি নিষ্কাশন এবং সড়কটি দ্রুত মেরামতের জন্য সাঘাটা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করা হচ্ছে।
- রংপুর