মো সামিউল ইসলাম সামি :উপজেলা প্রতিনিধি
খানাখন্দে ভরা রাস্তা, রাত হলেই বাড়ে দুর্ঘটনার শঙ্কা
পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ি বাজার–ইদুলপুর রোডের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, গর্ত ও ভাঙন। কোথাও কোথাও রাস্তার দুই পাশের মাটি সরে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে ভ্যান, রিকশা, অটোভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন, ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তার বেহাল অবস্থার কারণে সামান্য অসতর্ক হলেই যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে রাতের আঁধার নামলেই সড়কটি যেন পরিণত হয় মরণফাঁদে।পর্যাপ্ত সড়কবাতি না থাকায় খানাখন্দ ও রাস্তার ভাঙা অংশগুলো সহজে দেখা যায় না। ফলে রাতে চলাচলকারী মোটরসাইকেল, অটোভ্যান ও অন্যান্য যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, নিয়ম না মেনে ভারী ও দশ চাকার ডাম্প ট্রাক চলাচলের কারণে সড়কটির ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এতে রাস্তার ক্ষয়ক্ষতি আরও বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী।
সড়কটির দুই পাশে পর্যাপ্ত জায়গা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রাস্তার বিভিন্ন অংশ আরও দুর্বল হয়ে পড়ছে। কোথাও রাস্তার পিচ উঠে গেছে, আবার কোথাও কিনারা ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। ফলে পথচারী ও ছোট যানবাহন চালকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে কালিবাড়ি বাজার–ইদুলপুর সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ খানাখন্দগুলো দ্রুত সংস্কার, রাস্তার দুই পাশ মজবুতকরণ, পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের মতে, এই সড়কটি শুধু একটি চলাচলের পথ নয়—প্রতিদিন এলাকার অসংখ্য মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আরও বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।