সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি ব্রীজ গ্রামে বাঙালি নদীর তীরসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে কাঠ পোড়ানোর অবৈধ চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুল্লি ধ্বংস ও আগুন নেভাতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙালি নদীর তীরবর্তী ফসলি জমি ও আবাসিক এলাকা সংলগ্ন স্থানে অবৈধভাবে চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে করে সংলগ্ন এলাকার পরিবেশ প্রচণ্ড দূষিত হচ্ছিল এবং আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, “পরিবেশ ধ্বংসকারী ও অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যে জমির ওপর এই অবৈধ কয়লার কারখানা স্থাপন করা হয়েছে, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা দায়ের করা হবে।”
প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় পরিবেশ সচেতন মহল।
- রংপুর