নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (সিজন-০১)’-এ জুডো ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোছা. নুজহাত তাবাসসুম। তার এই অসামান্য সাফল্যে ফুলছড়ি ও সাঘাটা উপজেলাসহ গোটা গাইবান্ধা জেলার ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বন্যা।
এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) উপজেলা মিনি হলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কৃতি এই খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ। তিনি শিক্ষার্থীর এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় পর্যায়ে নুজহাতের এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন তার সুযোগ্য প্রশিক্ষকরা। নিবিড় পরিচর্যা ও কঠোর অনুশীলনের মাধ্যমে তাকে প্রস্তুত করেছেন কোচ সেনসি এবি বাবেল এবং গাইবান্ধা জেলা কোচ মোঃ জাহিদ হাসান। তাদের দক্ষ নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমে সাঘাটা ও ফুলছড়ির মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে নুজহাত আজ জাতীয় দরবারে গাইবান্ধার মুখ উজ্জ্বল করেছে।
শিক্ষার্থীর এই অনন্য অর্জনে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যোগ্য কোচদের সঠিক দিকনির্দেশনা এবং নুজহাতের এই অভাবনীয় সাফল্য আগামী দিনে সাঘাটা-ফুলছড়িসহ পুরো গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে আরও বেশি মাত্রায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
- রংপুর