মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে বোনারপাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে বোনারপাড়া উপজেলা চত্বর থেকে সাঘাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বোনারপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শেষ হয়।
সাঘাটা উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সাদিক ইকবাল ও সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ৫টি কলেজের ছাত্রদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিকে মিছিল শেষে সাঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের ফুল দিয়ে উষ্ণ বরণ ও সংবর্ধনা জানান ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “নতুন এই গতিশীল নেতৃত্বের মাধ্যমে সাঘাটায় ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।” কর্মসূচি থেকে আগামীর সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
- রংপুর